জামায়াতে ইসলামির প্রতি ইঙ্গিত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বলছেন আমাদের চেহারা বদলে গেছে, আসলে আমাদের চেহারা বদলায়নি। তারা হঠাৎ করেই বদলে গেল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
মির্জা ফখরুল বলেন, আমাদের দুর্ভাগ্য যে ৫ই আগস্টের পরে উনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি, বরং তারা হঠাৎ করেই বদলে গেল।
হঠাৎ করে তাদের মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। তখন তারা বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে যে সমস্ত উক্তি এবং কথা বলেছেন, সেই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি।
আজকের যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার পেছনে এটি একটি কারণ ছিল। আপনারা নির্বাচনকে অস্বীকার করছেন এবং বলছেন যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটি কেউই মেনে নেবে না। এই দেশের মানুষ তা মেনে নেয়নি এবং কখনো মেনে নেবে না।