বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের যেসব দেশ লকডাউন শিথিল করেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : ইতিমধ্যে বিশ্বের অনেক দেশই নভেল করোনাভাইরাস প্রতিরোধে জারি করা লকডাউন শিথিল করতে শুরু করেছে।

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি উপসাগরীয় দেশও লকডাউন শিথিল করেছে। এরই মধ্যে সীমিত পরিসরে শপিং মল খোলার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। তবে জনসাধারণকে সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে বলা হয়েছে।

ইরান

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইরান। দেশটিতে এ যাবৎ ৬ হাজার ২০০টিরও বেশি করোনাঘটিত মৃত্যু রেকর্ড করা হয়েছে। সম্প্রতি ইরানের তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মসজিদ খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

গত রোববার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরানের ১৩২ টি প্রাদেশিক অঞ্চলের সবগুলো মসজিদ খুলে দেয়া হবে। ইসলামে নিরাপত্তার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, যদিও মসজিদ খুলে দেয়া হবে, তবু জামাতে নামাজ আদায়ের চেয়ে বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ গৃহে নামাজ আদায় করাই উত্তম।

আর জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে অবশ্যই মুসল্লিদের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতে হবে।

জর্ডান

অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে গত রোববার জর্ডান সব বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে লকডাউন তুলে নিয়েছে।

দেশটির বাণিজ্যমন্ত্রী তারিক হামুরি বলেন, এখন থেকে শিল্পপ্রতিষ্ঠানগুলো সব ধরনের উৎপাদন চালু করতে পারবে।

যথাযথ নির্দেশনা মেনে গণপরিবহনগুলোও স্বাভাবিক চলাচল শুরু করতে পারবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে ও সান্ধ্যকালীন জরুরি অবস্থা চালু থাকবে।

বাহরাইন

চলতি রমজান মাসের শুরু থেকেই বাহরাইন লকডাউনের কিছু কিছু সীমাবদ্ধতা শিথিল করেছে। তবে বাসার বাইরে সবার জন্য মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।

ইতিমধ্যে দেশটির শপিং মল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত

ক্রেতার সংখ্যা নির্ধারণ করে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শপিং মলগুলো খুলে দিতে শুরু করেছে।

গত শনিবার ৩০ শতাংশ ক্রেতার উপস্থিতি নিশ্চিতপূর্বক রাজধানীর তিনটি বড় বড় শপিং মল খুলে দেয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে মলগুলোর প্রত্যেকটিতে বসানো হয়েছে তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র।

পরের দিন শারজাহে শপিং মল ও ফুডকর্নারসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেয়া হয়।

সব বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১২ থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। তবে খাবারের দোকান ও ফার্মেসিগুলো ২৪ ঘন্টা খোলা থাকতে পারবে। কিন্তু বিক্রেতাদের সার্বক্ষণিক মাস্ক ও গ্লাভস পরিধান করতে হবে।

দুবাই পুলিশ সূত্রে জানা যায়, একই পরিবারের সদস্য হলে এক গাড়িতে তিন জনের বেশি আরোহণ করতে পারবে। অন্যথায় এক গাড়িতে তিন জনের অধিক আরোহণ করলে অর্থদণ্ডের সম্মুখীন হতে হবে।

সৌদি আরব

গত ২৬ এপ্রিল সৌদি কর্তৃপক্ষ জানায়, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব ধরনের পাইকারি ও খুচরা পণ্যের দোকান ও সকল শপিং মল খোলা থাকতে পারবে।

লেবানন

গত সোমবার থেকে লেবাননে ৩০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করার শর্তে দিনের বেলা সব রেস্টুরেন্ট খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু ক্রেতার সীমিত উপস্থিতিতে আর্থিক ক্ষতির আশঙ্কায় অনুমতি থাকা সত্ত্বেও কিছু কিছু রেস্টুরেন্ট মালিক তাদের রেস্টুরেন্ট খোলা রাখবে না বলে জানিয়েছে।

তবে আগামী জুন পর্যন্ত সব ক্লাব, বার ও ক্যাফেটেরিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ইসরাইল

লকডাউনের সাত সপ্তাহের মধ্যে গত রোববার সর্বপ্রথম ইসরাইলের স্কুলগুলো আংশিক খুলে দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ইতিমধ্যে ইসরাইলের শতকরা ৮০ ভাগ স্কুলই খুলে দেয়া হয়েছে। তবে স্থানীয় আরব অঞ্চলগুলোতে রমজানের পরে স্কুল খোলার কথা জানা গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD