নবুয়তের পঞ্চম বছর মক্কার কোরাইশদের অত্যাচারে রাসুলুল্লাহ (সা.)-এর একদল সাহাবি (রা.) লোহিত সাগর পাড়ি দিয়ে আফ্রিকায় চলে যান। তারা তৎকালীন আবিসিনিয়া বা হাবশায় আশ্রয় নেন। যার শাসক ছিলেন বাদশাহ নাজ্জাশি। সাহাবিরা সেখানে বেশ কয়েক বছর অবস্থান করেন।
ধারণা করা হয়, হাবশায় অবস্থানকালে তারা সেখানে একটি মসজিদও নির্মাণ করেন। বর্তমান ইরিত্রিয়ায় অবস্থিত ‘আস-সাহাবা মসজিদের’ ব্যাপারে দাবি করা হয়—এটি আফ্রিকায় হিজরতকারী সাহাবিদের দ্বারা নির্মিত সেই মসজিদ। যদি এই দাবি সত্য হয়, তবে এটিই ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ। কেননা মহানবী (সা.) মদিনায় হিজরতের আগেই সাহাবিরা হাবশায় হিজরত করেছিলেন। একই সঙ্গে সাহাবা মসজিদ আফ্রিকার সর্বপ্রাচীন মসজিদ হিসেবেও গণ্য হবে।
গত শতকের সংস্কারের পর সাহাবা মসজিদের বর্তমান অবয়বটি দাঁড়িয়েছে। বর্তমানে নামাজ আদায়ের জন্য ক্ষুদ্রাকৃতির মসজিদের সামনে একটি বিস্তৃত প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। ঐতিহাসিক মসজিদটি ইরিত্রিয়ার মাসাওয়া বন্দরের পূর্বদিকে অবস্থিত। মুসলিম ঐতিহাসিকদের বর্ণনা মতে, সাহাবায়ে কেরাম (রা.) আরবের শোয়াইবা বন্দর থেকে একটি বাণিজ্যিক জাহাজে আরোহণ করে মাসাওয়া বন্দরে অবতরণ করেন। তখন মাসাওয়া একটি গ্রাম্য বাজারের চেয়ে বেশি কিছু ছিল না। প্রাচীনকালে আদুলিস বন্দরের ছায়ায় তা পরিচালিত হতো।
সাহাবা মসজিদ লোহিত সাগরের সবচেয়ে নিকটবর্তী আফ্রিকান মসজিদ। মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর দুই দিকে কেবলা চিহ্নিত করা হয়েছে। যার একটি মক্কার মসজিদুল হারামের দিকে, অপরদিক জেরুজালেমের আল-আকসা মসজিদের দিকে। আল-আকসা থেকে মসজিদে সাহাবা মসজিদের দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটার এবং মক্কার দূরত্ব প্রায় পাঁচ শ কিলোমিটার।
মসজিদের অবকাঠামো খুবই সাধারণ। এতে আছে একটি মেহরাব, চারধাপের একটি মিম্বর। মিম্বরের ওপর অবস্থিত গম্বুজে একটি অর্ধ-চন্দ্র ও তারা আছে। প্রায় তিন হাজার এক শ বর্গ মিটার জায়গার ওপর অবস্থিত ছিল মসজিদটি। যদিও ধারণা করা হয়, এটি রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় নির্মিত মসজিদ, তবু এর বর্তমান অবকাঠামোতে এমন কিছু বৈশিষ্ট্য দেখা যায় যা ইসলামের প্রথম কয়েক দশকে নির্মিত মসজিদে দেখা যায় না। যেমন মিনার ও বাঁকা মেহরাব। কেননা ইসলামের ইতিহাসে মসজিদে নববীতে প্রথম বাঁকা মেহরাব যুক্ত করেছিলেন খলিফা ওমর ইবনে আবদুল আজিজ (রহ.)। আর প্রথম মিনার নির্মিত হয় নবম শতকে আব্বাসীয় আমলে। ১১ শতকে তার ব্যাপক প্রচলন ঘটে। সাহাবা মসজিদটি বর্তমানে একটি ঐতিহাসিক নিদর্শন মাত্র। কেননা মসজিদের স্বাভাবিক অনেক কার্যক্রম এখানে নিয়মিত নয়।
উল্লেখ্য, নবুয়তের পঞ্চম বছর মক্কায় সাহাবিদের ওপর নির্যাতন ও নিপীড়ন চরম রূপ নিলে রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের বলেন, ‘তোমাদের জন্য ভালো হয়, যদি তোমরা হাবশার উদ্দেশ্যে দেশত্যাগ কোরো এবং তোমরা যে অবস্থার মধ্যে আছো তা থেকে আল্লাহ তোমাদের নিষ্কৃতি দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান কোরো। কেননা দেশটির বাদশা কারো ওপর অবিচার করেন না, তা সত্যভূমি। ’ (আর-রাহিকুল মাখতুম, পৃষ্ঠা ১১০-১১)
রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ পেয়ে নবুয়তের পঞ্চম বছর রজব মাসে সাহাবিদের প্রথম দল হাবশায় হিজরত করেন। রাসুলুল্লাহ (সা.)-এর মেয়ে রোকাইয়া ও জামাতা উসমান ইবনে আফফান (রা.)-সহ ১১ বা ১২ জন পুরুষ ও চারজন নারী এ কাফেলাভুক্ত হন। (মুসলিম উম্মাহর ইতিহাস : ১/৩২২)
তথ্যঋণ : মদিনা প্রজেক্ট ডটকম