মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

আমিরাতে সুস্থতার হার ৮২ দশমিক ৪ শতাংশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৮২ দশমিক ৪ শতাংশ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে আল আরাবিয়া।

জানা যায়, আমিরাতে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত ৪০ লাখ মানুষের করোনাভাইরাসের শনাক্তকরণ টেস্ট করা হয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার ৪২ দশমিক ৭ শতাংশ। এখন পর্যন্ত বিশ্বের অন্য কোনো দেশ এত বেশি শতাংশ জনগণের টেস্ট করাতে সক্ষম হয়নি।

জানুয়ারির ২৯ তারিখ থেকে এখন পর্যন্ত আমিরাত সরকারের তত্ত্বাবধানে এসব টেস্ট পরিচালিত হচ্ছে।

ওয়াম বলছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আমিরাত সরকার দ্রুত টেস্টের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার ওপরও জোর দিয়েছে। করোনার ওপর প্লাজমা থেরাপির প্রথম প্রয়োগ আমিরাতেই হয়েছে। এছাড়া স্টেম-সেল পদ্ধতিতেও করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ফলাফল পাওয়া গেছে। যার নাম দেয়া হয়েছে ‘ইউএইসেল১৯’।

আমিরাতের বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। অনেক হাসপাতালেই এখন আক্রান্ত রোগী নেই। হাসপাতালগুলোতে গড়ে করোনা রোগী সুস্থতার হার ৮২ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে। এটি প্রমাণ করে সংযুক্ত আরব আমিরাত করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, মঙ্গলবার ২৪ ঘণ্টা সময়ে আমিরাতে ৩৭৫ জনের দেহে নতুন করে মরণঘাতী ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। এ সময়ে মারা গেছে ১ জন।

এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ৫৫ হাজার ৫৭৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৩৩৫ জনের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD