শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

আরো ১২৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরো ১২৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৩০ পয়সা দরে ৮টি ব্যাংক থেকে এ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, চলতি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংক ১৪৪ কোটি ৮০ লাখ ডলার কিনেছে।

এ নিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত মোট ৫৩৮ কোটি ৫০ লাখ ডলার কেনার তথ্য দেন তিনি।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুদ্রানীতি ঘোষণার সময়ে ডলার কেনা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নে গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, ডলার কেনা না হলে টাকার মান আরো পড়ে গিয়ে আমদানি খরচ বাড়িয়ে দেবে। তাতে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এই কৌশলের পাশাপাশি ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে চলছে কেন্দ্রীয় ব্যাংক।

সবশেষ তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দিন শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চিতি দাঁড়ায় ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

আইএমএফের পরামর্শ মেনে গত বছরের মে মাসে ডলারের দর বাজারভিত্তিক করে দেয় বাংলাদেশ ব্যাংক।

পরে এ বিষয়ে গভর্নর দাবি করেন, আইএমএফের চাপে নয়, বরং বাজার বিবেচনায় নিয়ে তা বাজারভিত্তিক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক গেল বছর ১৩ জুলাই প্রথম নিলামে ডলার কেনা শুরু করে।

সেদিন নিলামে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছিল।
ওই দিন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছিলেন, বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মূল উদ্দেশ্য হচ্ছে এর দাম বাড়াতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, ডলারের দর কমলে প্রবাসী ও রপ্তানিকারকদের অসুবিধা হয়। তাদের যেন সমস্যা না হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো থেকে ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিভিন্ন সময় বাণিজ্যিক ব্যাংক থেকে নির্ধারিত দরে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

গেল বছর থেকেই প্রথম নিলামে ডলার কেনা শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD