ভারতের আসানসোলের মেয়ে সালেহিন সাজিদ। পড়াশোনার সুবাদে ইউক্রেনে থাকেন তিনি। প্রায় ২ সপ্তাহ ধরে দেশটিতে চলমান যুদ্ধ পরিস্থিতি নিজের চোখে দেখেছেন। অবশেষে ভারত সরকারের প্রচেষ্টায় বাড়ি ফিরেছেন এই শিক্ষার্থী। একেবারে ভিন্ন আয়োজনে তাকে অভ্যর্থনা জানিয়েছেন পরিবার ও পরিচিতজনরা। বলা চলে, ‘গ্র্যান্ড ওয়েলকাম’।
ইউক্রেন থেকে আসানসোলের ওকে রোডের বাড়িতে ফিরতেই ব্যান্ড পার্টি, তাসা, আতসবাজি নিয়ে রাস্তায় নেমে সাজিদকে অভ্যর্থনা জানানো হয়েছে। গলা ভর্তি ফুলের মালা ও হাতে গোলাপ দিয়ে তাকে স্বাগত জানিয়েছে শুভাকাঙ্ক্ষীরা। সেখানে জমা হয়েছিলো প্রায় শত মানুষ।
ভারতে ফেরার অভিজ্ঞতা জানিয়ে সালেহিন সাজিদ বলেন, ‘সীমান্তে পৌঁছাতে অনেক কষ্ট করতে হয়েছে। ২০ কিলোমিটার পথ পাড়ি দেওয়াটা মোটেই সহজ ছিলো না। ট্রেনে উঠতেই পারছিলাম না। ভারতীয় দূতাবাস খুবই সহযোগিতা করেছে। তারাই আমাদের নির্বিঘ্নে দেশে পৌঁছনোর ব্যবস্থা করেছে। আমাদের অনেক বন্ধুই ইতিমধ্যে দেশে ফিরে এসেছে। অবশেষে আমিও ফিরলাম। খুবই ভালো লাগছে, নিশ্চিন্ত লাগছে।’
যুদ্ধ থামলে সাজিদ আবারও ইউক্রেনে ফিরতে চান। তার ভাষ্য, ‘আমার কোর্স এখনও শেষ হয়নি। পড়াশোনার জন্য সে দেশে (ইউক্রেন) ফিরতেই হবে।’
পড়াশোনার জন্য ইউক্রেনের খারকিভে বসবাস করেন সাজিদ। এই ক’দিন বেশ চিন্তায় ছিলেন তিনি। বাইরে অনবরত বোমাবর্ষণ। যুদ্ধের সাইরেন দিন-রাত এক করে দিয়েছে। তার মনে হয়েছে, যেন শ্বাস নেওয়ার সময়টুকুও পাচ্ছেন না।
এদিকে দেশটিতে যুদ্ধ পরিস্থিতি যতই ভয়ঙ্কর হচ্ছিল, তার পরিবারের চিন্তা ততোই বাড়ছিলো। মেয়েকে বাড়ি ফেরানো নিয়ে পরিবারের সদস্যদের রাতের ঘুম উধাও হয়ে গিয়েছিলো। অবশেষে রোববার (৬ মার্চ) সন্ধ্যায় ঘরের মেয়ে ঘরে ফিরেছে।
সূত্র: টিভি৯বাংলা