শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ইফতারি বাজার নজরদারিতে রাখবে বিএসটিআই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

পবিত্র রমজান মাসে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে বিশেষ অভিযান চালাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিশেষ করে ইফতারি পণ্যের বাজারে নজরদারি করা হবে। আজ রবিবার থেকে অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত থাকবে বাজারে।

শনিবার বিএসটিআইর কার্যক্রমবিষয়ক এক সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা জানান।

শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এই সভায় মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে পণ্যের সঠিক ওজন ও পরিমাপ কারচুপি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালাবেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ অভিযান স্বাভাবিক কার্যদিবসের পাশাপাশি ছুটির দিনও পরিচালনা করা হবে।

ঢাকা মহানগরীর পাশ্ববর্তী জেলা ও উপজেলায় এসব অভিযান চলবে। বিশেষ করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরাণীগঞ্জ ও ভৈরব এলাকায়। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র সকল বিভাগীয় ও জেলা কার্যালয়কে প্রতিদিন মোবাইল কোর্ট ও নজরদারি বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, রমজান মাসে জনগণকে মানসম্মত পণ্য কেনা, নকল ও নিম্নমানের পণ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে। এছাড়া এ মাসে মানসম্মত খাদ্য ও পানীয় বিশেষ করে মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রী বেচা ও বিতরণের উপর বিএসটিআই নজরদারি জোরদার করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD