শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ইরানের পরেই পারমাণবিক শক্তিধর আরেক মুসলিম দেশে হামলার প্রচ্ছন্ন হুমকি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলার হুমকি দিয়েছেন সাবেক ইসরায়েলি উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি। একটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বুধবার (১৮ জুন) পোস্টে এমনটাই দেখা গেছে।

মাসরি আরবি ও উর্দুতে এক্স-এ লিখেছেন: ‘ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেয়ার চেষ্টা করতে পারি।’ মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

তিনি আরও লিখেছেন, ‘পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। এটুকু বুঝলেই যথেষ্ট।’ মাসরির এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে: ‘এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটজের সঙ্গে পরামর্শ করে নিও, উনি অবশ্যই স্ট্রাটেজি ঠিক করতে সাহায্য করবেন -পাকিস্তান’। আরেকজন ব্যবহারকারী উসমান ঘানি লিখেছেন: ‘হা হা! যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনো তোমরা মিশন ফ্যান্টম ফ্লাইট চালাতে সাহস করোনি, আর এখন আছে, তাই স্বপ্নই দেখে যাও!’

এর আগে সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ইসরায়েলের উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট: পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না।’ তিনি আরও বলেন, দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের যথেষ্ট শক্তি ও দৃঢ়তা রয়েছে।

ইসহাক দার ভারতের সঙ্গে আগের উত্তেজনাকর পরিস্থিতির কথাও স্মরণ করিয়ে দেন এবং বলেন, পাকিস্তানিরা তখন যেভাবে একত্রিত হয়েছিল, এবারও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকবে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান সরকার এই দাবি সরাসরি অস্বীকার করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD