সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ইসরায়েলের ঘনিষ্ঠ মার্কিন বন্ধুর হঠাৎ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হওয়ার পর তার মৃত্যু হয় বলে রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে গ্রাহামের কার্যালয়। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও প্রার্থনা চেয়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

লিন্ডসে গ্রাহাম ২০০২ সালে প্রথমবার দক্ষিণ ক্যারোলাইনা থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে পুনর্নির্বাচিত হন। এর আগে ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সিনেটের বাজেট, বিচার বিভাগীয় ও পররাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেন। রিপাবলিকান দলের অন্যতম প্রভাবশালী কণ্ঠ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন।

২০০৩ সালে ইরাক যুদ্ধের জোরালো সমর্থক ছিলেন গ্রাহাম। একইভাবে ইরানের বিরুদ্ধে কঠোর নীতির পক্ষেও তিনি ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছিলেন। ইসরায়েলের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবেও তিনি পরিচিত ছিলেন এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পররাষ্ট্রনীতিকে সমর্থন করেন।

২০১৬ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে অংশ নিলেও প্রাইমারির আগেই সরে দাঁড়ান গ্রাহাম। সে সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। তবে পরে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সহযোগীতে পরিণত হন।

রাজনীতিতে আসার আগে তিনি মার্কিন বিমানবাহিনীর আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিমানবাহিনীর রিজার্ভে যোগ দিয়ে প্রায় দুই দশক সেবা দেন এবং কর্নেল পদমর্যাদায় অবসর গ্রহণ করেন।

তার মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে “সত্যিকারের মার্কিন দেশপ্রেমিক” বলে অভিহিত করে শ্রদ্ধা জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD