বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজারকে বিশ্ব পর্যটনের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে এখানে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যেখানে ব্লু ইকোনোমি, সমুদ্রসম্পদ, পর্যটন ও সংশ্লিষ্ট গবেষণা পরিচালিত হবে। এর মাধ্যমে স্থানীয় যুবক ও গবেষকরা উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে পারবে এবং কক্সবাজারের পর্যটন শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুৎফর রহমান কাজল কক্সবাজারে খাসজমিতে বসবাসকারীদের পুনর্বাসন না করে উচ্ছেদ না করার দাবি তোলায় সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি খাস-পিএফ জায়গায় যারা ঘূর্ণিঝড়সহ নানা কারণে থাকতে বাধ্য হয়েছেন, আমরা ক্ষমতায় এলে তাদের উচ্ছেদ করব না। দলিলসহ সবার সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করছে। শহীদের আকাঙ্ক্ষা পূরণ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য বিএনপির স্পষ্ট পরিকল্পনা রয়েছে। ক্ষমতায় এলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে। এছাড়া কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হবে।
কক্সবাজার-৩ আসনের প্রার্থী ও বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেন, বিগত ১৭ বছরে কক্সবাজার পর্যটন খাতে কোনো উন্নয়ন হয়নি। এক ব্যক্তিকেন্দ্রিক আওয়ামী লীগ সরকার পর্যটন শহরটিকে উন্নয়ন হতে দেননি, না হলে কক্সবাজার এত পিছিয়ে পড়ত না।
সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইনসাফের কথা বলে যারা ভোট চায়, কিন্তু নিজের শরিক দলের সঙ্গে আসন বন্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় এলে ইনসাফ রক্ষা করতে পারবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।