নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলা উদ্দিন (৩০)। আজ রাত সাড়ে ১০টার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলা উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম।
নিহত আলা উদ্দিন উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মমিনুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর মেয়র আবদুল কাদের মির্জার লোকজনের হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টার দিকে রূপালী চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে আওয়ামী লীগের একাংশ। সন্ধ্যা ৬টার দিকে থানার পশ্চিম পাশের সড়ক দিয়ে সভায় হামলার চেষ্টা চালায় কাদের মির্জার সমর্থকরা। এ সময় উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি হলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
রাত ৮টার দিকে মেয়র কাদের মির্জার সমর্থকরা বসুরহাট বাজারে একটি মিছিল বের করলে বাদলের সমর্থকদের সঙ্গে ফের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষকারীরা বসুরহাট পৌরসভা সামনে অবস্থান নিলে শুরু হয় গোলাগুলি। এতে পুলিশসহ আহত হন অনেকে।
লাইটনিউজ