শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ক্রেডিট কার্ডে ২০ শতাংশের বেশি সুদ নয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : ক্রেডিট কার্ডের ওপর সুদের হার ২০ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না বলে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কিছু বাণিজ্যিক ব্যাংক ক্রেডিট কার্ডের বিপরীতে বিভিন্ন নামে বিভিন্ন প্রকার নগদে উত্তোলনযোগ্য ঋণ সুবিধা দিচ্ছে। যা ব্যাংক ঋণের ঝুঁকি বৃদ্ধি করছে। এ ধরনের ঋণের ওপর ফ্লাট রেটে অযৌক্তিকভাবে বেশি সুদ আদায় করছে। এতে গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।

সার্কুলারে আরও বলা হয়, কিছু ব্যাংক ক্রেডিট কার্ডের অপরিশোধিত বকেয়া বিলের ওপর লেনদেনের তারিখ হতে সুদ আরোপ এবং পরিশোধিত বিলের বিপরীতে প্রগ্রেসিভ রেটে বিলম্ব ফি আদায় করছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ক্রেডিট কার্ডের ওপর সুদ বা মুনাফার হার ২০ শতাংশের অধিক নির্ধারণ করা যাবে না। এছাড়া ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য নির্ধারিত সর্বশেষ তারিখ অব্যবহিত পরের দিন হতে ক্রেডিট কার্ডের অপরিশোধিত বিলের ওপর সুদ আরোপ করতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই লেনদেনের তারিখ হতে সুদ আরোপ করা যাবে না।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ৫০ শতাংশ নগদ উত্তোলন যোগ্য ঋণ সুবিধা ব্যতীত অন্য কোনো নামে নগদে উত্তোলনযোগ্য ঋণ সুবিধা দেওয়া যাবে না। বিলম্বে পরিশোধিত কোনো বিলের বিপরীতে শুধুমাত্র একবার বিলম্ব ফি (অন্য যেকোনো নামে অভিহিত করা হোক না কেন) আদায় করা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD