শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সোমবার (২২ আগস্ট) খালেদা জিয়ার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে আশা করছি সেগুলোর রিপোর্ট আগামী পরশুর (বুধবার) মধ্যে পাবো। তারপর মেডিক্যাল বোর্ড বসে রিপোর্ট পর্যালোচনা করলে বিস্তারিত জানাতে পারব।

সোমবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ড সুপারিশ করায় চেকআপের জন্য উনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। নিয়ম হচ্ছে এনজিও প্লাস্টি করার ৪/৬ সাপ্তাহের মধ্যে ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এক্সরে করা। সেগুলো করা হয়েছে। রক্তের আরও কিছু টেস্ট করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান ‍উল্লাহ আমান, কামরুজ্জামান রতন, ডা. আবদুল্লাহ আল মামুন।

এর আগে বিকেল ৪টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় বাসায় ফেরেন রাত ৮টায়।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজার রায় হয়।

দেশে করোনা মহামারি শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয়, তাকে দেশেই থাকতে হবে।

কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় ওঠেন, এখন সেখানেই থাকছেন। ২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর অসুস্থতার কারণে খালেদা জিয়াকে ছয় দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।

নানা জটিলতায় উন্নত চিকিৎসার দাবি করে তাকে বিদেশে পাঠানোর জন্য কয়েক দফা আবেদন করেছিলেন তার ভাই শামীম এস্কান্দার। কিন্তু সাময়িক মুক্তির শর্তের কথা উল্লেখ করে প্রতিবারই তা নাকচ করেছে সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD