শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

গভর্নর নিয়োগ নিয়ে আসিফ মাহমুদের কড়া স্ট্যাটাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উদ্বেগ প্রকাশ করেছে তিনি।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘শেখ হাসিনা এবং তার ঋণখেলাপি কুশীলবরা এদেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল। ঋণখেলাপিদের দুষ্টচক্রের জন্য বাংলাদেশকে আইএমএফসহ বিভিন্ন দেশের দ্বারে দ্বারে হাজির হতে হয়েছে আর্থিক খাতকে বাঁচিয়ে রাখতে। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে টেনে তুলেছে মাত্র দেড় বছরে। রিজার্ভ দ্বিগুণ করে রেখে যাওয়াসহ খাদের কিনারায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসন করা হয়েছে।’

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির মুখপাত্র আরও লিখেন, ‘আর্থিক খাতে আরও জঘন্যভাবে কাজ শুরু করলো বর্তমান সরকার। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপিদের এমপি, মন্ত্রী বানিয়ে প্রথমেই আর্থিক খাতকে হুমকির মুখে ফেলা হলো। আজ একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের মাধ্যমে ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের আর্থিক খাত। আবারও এর পরিণতি ভোগ করতে আমাদের, দেশের সাধারণ জনগণের।’

সবশেষে আসিফ মাহমুদ আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ হাসিনার শাসনামলের শেষ সময়ের মতো দুঃস্বপ্নের দিনগুলো আবারও ফিরতে যাচ্ছে সম্ভবত।’

প্রসঙ্গত, দেশের আর্থিক খাতের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্ট’স অর্ডার নং ১২৭ অব ১৯৭২)-এর ১০(৫) ধারা অনুযায়ী, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পেশায় উদ্যোক্তা ও ব্যবসায়ী মোস্তাকুর রহমান বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থিত রপ্তানিমুখী পরিবেশবান্ধব কারখানা ‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তৈরি পোশাকের পাশাপাশি আবাসন খাতেও তার ব্যবসা রয়েছে। তিনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রিহ্যাব, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সদস্য হিসেবে বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের বোর্ড সদস্য ছিলেন। মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD