রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পুলিশের তথ্য অনুযায়ী, তেজগাঁওয়ে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকায় স্বাক্ষর নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আখতার মোর্শেদ ১২ আসামির প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেন। শুনানিকালে তিনি বলেন, আসামিরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন এবং জিহাদের জন্য লোক সংগ্রহ করছিলেন। তাদের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মাসদ-উর রহমান রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক আজ (১৯ সেপ্টেম্বর) জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।
২৩ জনের মধ্যে পরিবারের জিম্মায় যাওয়া ১১ জন ছাড়া অবশিষ্ট ১২ জন, যারা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হেফাজতে ছিলেন, তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চাইলে আদালত ১২ জনকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠান।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে ওই ব্যক্তিদের আটক করা হয়।