শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

গ্যাটকো দুর্নীতি: আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ মার্চ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত। আগামী ৩ মার্চ এই শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম এ নতুন দিন ধার্য করেন।

জানা গেছে, আজই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারেননি খালেদা জিয়া। সে কারণে তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া সময় চেয়ে আবেদন করলে আদালত এই নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গ্যাটকো দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। মামলায় আসামি করা হয় চারদলীয় জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে। এর পরদিনই গ্রেফতার করা হয় খালেদা জিয়া ও কোকোকে। একই বছরের ১৮ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা আইনে মামলাটি অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দেয়। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD