রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

চাকরিচ্যুতি ও কঠোর সাজা হতে পারে ওসি রাকিবুলের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমপির ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা ওসি রাকিবুল হাসানের নামে ছড়িয়ে পড়া বিতর্কিত অডিও কথোপকথনের সত্যতা পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিশ্লেষণে ওই অডিও রেকর্ডের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত পুলিশ পরিদর্শককে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদও করেছে তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন বক্তব্য দিয়েছেন। অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী বক্তব্যও দিয়েছেন। এ বিষয়ে আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দেবে তদন্ত কমিটি। নির্ভরযোগ্য একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

অডিওতে পাওয়া তথ্যগুলো তদন্তে প্রমাণ হলে কেবল চাকরিচ্যুতই নয়; প্রচলিত আইন ও বিভাগীয় বিধিমালা অনুযায়ী তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ডসহ চরম শাস্তির মুখোমুখি হতে হবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ ও পুলিশ প্রবিধান (পিআরবি) বিশ্লেষকেরা। ডিএমপির ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তাও এমন আভাস দিয়েছেন। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও (দুদক) অভিযুক্ত রাকিবুল হাসানের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিতে পারে বলে জানা গেছে।

ভাইরাল ওই অডিও কথোপকথনে ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখনই দেশে ফিরে আসা উচিত; এলে রাজপথে পুলিশ কিছু করতে পারবে না; সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকবে এবং পুলিশের শীর্ষপর্যায়ে বদলি-পদায়ন বাণিজ্য নিয়ে একের পর এক মন্তব্য করতে শোনা যায়। বিশেষ করে ওসি পদে নিয়োগ-পদায়নে অর্থ লেনদেনের অভিযোগ ঘিরে পুলিশ প্রশাসনের ভেতরে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর বাস্তবতা কতটুকু, সেসব বিষয় তদন্ত কমিটির তদন্তের আওতায় আসছে না।

আমার দেশ-এর অনুসন্ধানে অডিওতে উল্লেখ করা ড্রাইভার মনির নামে কাউকে খুঁজে পাওয়া না গেলেও বডিগার্ড হিসেবে দায়িত্বরত মনির নামে একজনের তথ্য পাওয়া গেছে। একাধিক সূত্র আমার দেশকে বলেছে, মূলত ওই বডিগার্ড মনিরকেই বোঝাতে চেয়েছেন সাবেক ওসি রাকিবুল।

অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ডিএমপির যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন (উত্তর) মহিদুল ইসলাম। সদস্য সচিব ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী। কমিটির অপর সদস্য গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) উপকমিশনার তরিকুল ইসলাম। গত বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

অভিযোগ প্রমাণ হলে সম্ভাব্য সাজা

সাবেক ওই ওসির কী ধরনের সাজা হতে পারে—এ বিষয়ে গতকাল আমার দেশ পুলিশ কর্মকর্তাসহ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে। এক্ষেত্রে মোটাদাগে তিন ধরনের শাস্তির কথা উঠে এসেছে।

বিভাগীয় ও শৃঙ্খলাজনিত সাজা

‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এবং ‘পুলিশ প্রবিধান (পিআরবি)’ অনুযায়ী বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অসত্য ও অবমাননাকর মন্তব্য করা এবং পেশাগত অনাচারের দায়ে তাকে ‘গুরুদণ্ড’ হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে।

রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল অপরাধের সাজা

সেনাবাহিনীকে নিষ্ক্রিয় থাকার আহ্বান এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা বিনষ্টের উসকানিমূলক মন্তব্যের কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারা বা সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইনে মামলা হতে পারে। অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড বা দীর্ঘমেয়াদি সশ্রম কারাদণ্ড হতে পারে।

ঘুস ও দুর্নীতির স্বীকারোক্তির সাজা

অডিওতে নিজেই ‘এক স্যারকে এক কোটি টাকা দেওয়ার’ কথা স্বীকার করায় দুদক আইনের অধীন অনুসন্ধান হতে পারে। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ আর্থিক লেনদেনের দায়ে মানি লন্ডারিং ও দুর্নীতিবিরোধী আইনে পৃথক সাজা হতে পারে। ডিএমপির গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট জমা হওয়ার পরই প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিশ্চিত করে ক্রমান্বয়ে অন্যান্য ধাপে তদন্ত এগোবে। Newspapers

অডিওতে কী বলেছেন ওসি

অডিওর প্রথম অংশে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনারা তো চিন্তাও করতে পারতেছেন না, রাস্তার পুলিশ কত দুর্বল, ভয়ানক দুর্বল। … শেখ হাসিনার আসা উচিত। ডিসেম্বর আসা দেরি, এই মাসে আসা উচিত ছিল। শেখ হাসিনা চলে আসলে এই পুলিশ কিচ্ছু করতে পারবে না।’

এরপর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্যে শোনা যায়, ‘সেনাবাহিনীতে কথা বলতে হবে…তোমরা (সেনাবাহিনী) নিউট্রাল থাকো… রাস্তা আমি দেখতেছি।’

রেকর্ডিংয়ের আরেক অংশে সেনাপ্রধানের হজে যাওয়ার প্রসঙ্গ টেনে বলতে শোনা যায়, ‘হজ করতে গেছে সেনাপ্রধান, প্রধানমন্ত্রীরও যাওয়া উচিত ছিল।’ এরপর সশব্দে হাসির আওয়াজ শোনা যায়। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তাকে আবারও বলতে শোনা যায়, ‘তোমরা ক্যাটনমেন্টে থাকো। পুলিশ কিচ্ছু করতে পারবে না। … রাস্তার পুলিশ কিচ্ছু না… কিচ্ছু না পুলিশ।’

অডিওর আরেক অংশে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে বলেন, ‘সিনিয়র অফিসাররা সব বিএনপি করতেছে, আমরা তো আর বিএনপি করতেছি না…। এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই, তোমরা (সিনিয়র অফিসাররা) খাবা-দাবা (অশ্লীল বাক্য) …নিয়ে থাকবা আর আমরা এসে রাস্তার…। পুলিশের কেউ কাজ করে না, খালি খালি ভালো সাজতেছে…। ওসিরা বাসায় গিয়ে ঘুমায় আসতেছে… কেউ কোনো কাজ করতেছে না।’

বর্তমান আইজিপি আলী হোসেন ফকিরের নাম উল্লেখ না করে ওসিকে বলতে শোনা যায়, ‘…কী খেলাধুলা চলতেছে সমানে ওসি পোস্টিং নিয়ে, আইজি (আইজিপি আলী হোসেন ফকির) ড্রাইভার পোস্টিং করতেছে… ওসি পোস্টিং করতেছে। মানে এগুলো সহ্য করার মতো না। …তার কাছে টাকা দিচ্ছে, সকাল বেলা পোস্টিং করতেছে…। আপনার তো লজ্জা থাকা উচিত… (আওয়ামী আমলে আইজিপির) চাকরি ছিল না… চাকরি চলে গেছে… চাকরি থেকে খেদায় দিছে। তো ভালোভাবে চাকরি করে সম্মান কামান।’

আইজিপিকে উদ্দেশ করে ওই অডিওতে আরো বলতে শোনা যায়, ‘যে পদে আছে…এ পদে মাসখানেক থাকতে পারলে তো ২০০ কোটি টাকা এমনি হয়ে যাবে। পুলিশ কল্যাণ ট্রাস্টের যে টাকা আছে, সারা বাংলাদেশ ১৯৭১ সাল থেকে আজকের দিন পর্যন্ত… প্রত্যেকটা পুলিশ সদস্যের চাঁদা কাটে…। সেই টাকা পুরো অ্যাকাউন্টে পড়ে রয়েছে…। ব্যাংক রইছে, এইখানে রইছে সেই সব ইন্টারেস্টের টাকা। চাইলের টাকা, ডাইলের টাকা, তেলের টাকা, জুতার টাকা… জাইঙ্গার টাকা, কম্বলের টাকা, পোশাকের টাকা…।’

অডিওতে পুলিশের অতীত নিয়োগ-পদায়ন নিয়েও অভিযোগ তোলা হয়। সেখানে বলা হয়, আবার রেকার আছে… লীগের কমিশনার যারা ছিল, ওসি পোস্টিংয়ে টাকা…যত ওসি…টাকা দিয়ে পোস্টিং দিছে…। বেনজীর (আওয়ামী লীগের ডিএমপি কমিশনার) ছিল… তাদের ওসিদের এমপি পোস্টিং দিছে… তারপরে তাদের (ওসিদের) কাছ থেকে নিছে… এইভাবে করছে…।’

ঢাকায় ওসি পদে নিয়োগ-পদায়ন নিয়ে নিজের বক্তব্যে তিনি আরো বলেন, ‘ডিএমপি ঢাকা বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটি, এখানকার ওসিরা টাকা দেবে কেন, এখানকার ওসিরা এমনিই যাবে… তোমাদের কাজ করে। তোমরা টাকা দিবা… আমি ভাটার একটা কাজ করে দিছি এক স্যারের… স্যারকে এক কোটি টাকা দিছি। স্যার আমার সাথে সম্পর্ক রাখছে…।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD