রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমানের সরাসরি মতবিনিময়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

তরুণ-তরুণীদের ভাবনা, প্রত্যাশা ও স্বপ্নের কথা শোনার লক্ষ্যে রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন “চায়ের আড্ডা”। অনুষ্ঠানে প্রায় ৫৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন, এবং তাদের আতিথেয়তা করেন ব্যারিস্টার জাইমা রহমান
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে উপস্থিত তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি কথা বলেন জাইমা রহমান। এ সময় দেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা ভাগ করে নেন।

আলোচনায় তিনি নারী ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ, ঢাকাসহ বড় শহরগুলোর যানজট সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানটি ছিল প্রচলিত সভা বা বক্তৃতামূলক আয়োজনের বাইরে এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। এটি আয়োজন করা হয় মেলার আদলে, যেখানে ব্যারিস্টার জাইমা রহমান প্রথম পর্বে সবার সাথে বসে কথা বলেন। এবং শেষ অংশে কোনো নির্দিষ্ট স্থানে বসে বক্তব্য না দিয়ে উপস্থিত তরুণদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলেন।

এ সময় তিনি তরুণ-তরুণীদের সঙ্গে একসঙ্গে চা, চটপটি, জিলাপি ও ঝালমুড়ি উপভোগ করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও আন্তরিক করে তোলে।

“চায়ের আড্ডা” আয়োজনটি তরুণ-তরুণীদের সঙ্গে নেতৃত্বের সরাসরি সংযোগ এবং খোলামেলা মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD