শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৭১ কোটি ডলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স

প্রবাসীদের পাঠানো অর্থে আবারও গতি। চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনেই দেশে এসেছে ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছে প্রায় সাড়ে ৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, মাস শেষে এই প্রবাহ আরও বাড়ার প্রত্যাশা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ২২৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে ১৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

এর আগে গত জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ বা ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD