স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের টিকা নেওয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে এখন তার জ্বর কিছুটা কমেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জ্বরের তাপমাত্রা কিছুটা কমেছে।
এর আগে বুধবার (২১ জুলাই) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপার্সনের সবশেষ শারীরিক অবস্থার কথা জানান।
এ সময় তিনি বলেন, টিকা নেওয়ার পর ম্যাডামের একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।
তারও আগে গত সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মডার্নার টিকা নেন বিএনপি চেয়ারপার্সন। টিকা নেওয়ার পর তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।