শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছি না: উপদেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকালে বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ চুক্তি শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। এর আগে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মধ্যে ১০ বছর মেয়াদি গ্যাস সরবরাহ চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী জালালাবাদ গ্যাস লাফার্জহোলসিমকে আগামী দশ বছরে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে, যা আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
আগামী মাসে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণে তেলের দাম বাড়তে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন আমরা জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করছি না।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমরা বিষয়গুলো প্রতিনিয়ত মনিটরিং করছি। জ্বালানি তেলের দামের বিষয়টি নির্ভর করছে মূলত যুদ্ধটা কতদিন চলে তার ওপর। শর্ট টার্মে তেল আমদানিতে আমাদের পরিকল্পনা নেয়া রয়েছে।

বিশেষত জ্বালানি তেল আমদানিতে চুক্তি করা আছে। এলএনজি আমদানির দীর্ঘমেয়াদি কিছু চুক্তি রয়েছে। এলএনজির প্রধান উৎস মধ্যপ্রাচ্য। কিন্তু সরবরাহকারীরা পণ্যটি মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে সরবরাহ করে।’

তিনি বলেন, ‘যুদ্ধের মধ্যেও জ্বালানি তেলের একটি কার্গো কিন্তু মধ্যপ্রাচ্য থেকে দেশে এসেছে। আপাতত আমরা তেমন কোনো সমস্যা দেখছি না। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে।

তবে আশার কথা হলো জ্বালানি আমদানিতে আমাদের জাহাজের প্রিমিয়াম আগে থেকে নির্ধারণ করা আছে।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সেখানে ভর্তুকি দেয়া হবে কিনা এমন বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়লে বিপিসির মুনাফা থেকে তা পূরণ করা হবে। আপাতত জ্বালানি তেলে ভর্তুকি কিংবা দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।’

দেশের অভ্যন্তরে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশী কোম্পানিগুলো জরিপের ডাটা কিনলেও তারা কেনো আসেনি সেই বিষয়ে জানতে চাইলে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন-

‘যেসব বিদেশী কোম্পানিগুলো তথ্য উপাত্ত কিনেছিল তারা কেন বিডে অংশ নেননি। সে বিষয়গুলো নিয়ে কাজ চলছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা চার-পাঁচটি কারণ দেখিয়েছে।

সেখানে তারা পিপিএ বিষয়টি সংশোধনের কথা বলেছি। আমরা বিষয়টি নিয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। আশা করি দ্রুত বিষয়টি সমাধান করে আমরা একটা জায়গায় আসতে পারব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD