শনিবার, ০২ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে নান্দনিক জলযান নামানো হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সরকার ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে আধুনিক ও নান্দনিক জলযান নামানোর চিন্তা করছে। এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে আহ্বান জানানো হবে।

মঙ্গলবার সদরঘাটে ‘ওয়ারটার বাস সার্ভিস’ পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, কারও জীবিকার ওপর হাত দিতে চাই না; জীবনটা নিরাপদ করতে চাই। যাত্রীসেবা দিতে বেসরকারি উদ্যোক্তারা এখানে কোনো ধরনের বিনিয়োগ করতে চাইলে সেটাকে আমরা স্বাগত জানাবো।

তিনি বলেন, এখন শুধু জীবন ও জীবিকার জন্য এ নদীপথ ব্যবহার হচ্ছে। এর সঙ্গে বিনোদনের জন্য এই নদীকে কাজে লাগাতে চাই। এজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, আমরা যাত্রীসেবাগুলো আরও আপগ্রেড করার চেষ্টা করছি। এজন্য বেসরকারি বিনিয়োগকারীদের আমরা উৎসাহিত করছি। আমরা চাই সবক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে আসুক। বেসরকারি উদ্যোক্তাদের জন্য আজ যাত্রীসেবায় অনেক বিলাসবহুল জাহাজ এসেছে। আমরা চাই বাংলাদেশে বেসরকারি পর্যায়ের বিনিয়োগ আরও বিস্তৃতি লাভ করুক। সরকার তাদের সবধরনের সুযোগ সুবিধা দিবে।

দুপুরে প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের হাইস্পিড শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসির জন্য দুটি ফেরি নির্মাণ কাজ পরিদর্শন করেন। ফেরি দুটি আগামী বছরের এপ্রিলের মধ্যে পাওয়া যাবে। মিডিয়াম সাইজের প্রতিটি ফেরিতে ১২টি করে বাস-ট্রাক এবং ১০০ জন যাত্রী পারাপার করা যাবে। ফেরি দুটি নির্মাণে ব্যয় হবে ২১ কোটি ৪২ লাখ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD