শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ঢাকা-ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে : ১৪ দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত না দেওয়ার বিষয়টিকে দেশটির ‘ভূরাজনৈতিক হিসাব-নিকাশের’ প্রতিফলন হিসেবে দেখছে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের নেতারা। একই সঙ্গে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরাতে ‘তৃতীয়পক্ষ ষড়যন্ত্র করছে’ দাবি করে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার এবং বন্ধু দেশগুলোর কাছে সব বিষয়ে ‘সঠিক তথ্য’ তুলে ধরার পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে জোটের নেতারা।

সোমবার (১৩ ডিসেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত এক আলোচনা সভায় জোটের নেতারা এসব কথা বলেন।

জোটের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘সারা বিশ্ব যখন জঙ্গিবাদ আলোড়িত একটি বিষয়, সেই সময়ে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। জঙ্গি নির্মূলে যেই সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেই সংস্থাকে আঘাত করা হচ্ছে কেন আমাদের বোধগম্য নয়।’

তিনি বলেন, এখানে তৃতীয় কোনো শক্তি আমাদের সম্পর্কের মধ্যেই ফাটল ধরানো বা এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে এই দেশের জঙ্গিবাদ সৃষ্টি করার কোনো প্রয়াস আছে কি না বা তাদের উৎসাহিত করা হচ্ছে কি না? যে বাহিনী নারী পাচার রোধ, মাদক চোরচালানরোধসহ জঙ্গিবাদ নির্মূলে বলিষ্ট ভূমিকা পালন করেছে, তাদের বিষয়ে কেন এমন সিদ্ধান্ত। এই বিষয়ে তলিয়ে দেখা উচিত। তাদের সিদ্ধান্ত বদলানো উচিত।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র যখন কোনো দেশের সরকারকে পছন্দ না করেন বা তার ইচ্ছা অনুযায়ী সরকার পরিবর্তন করতে চান, তখন তাদের ওপর বিভিন্ন দোষারোপ করেন। ট্রাম্পের নেতৃত্বে কিন্তু যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে গেছে। বাইডেন কিন্তু ঘোষণাই দিয়েছে, সে বিশ্ব নেতৃত্বে ফিরতে চায়। এ জন্য বিভিন্ন দেশকে তাদের বলয়ভুক্ত করার চেষ্টা করছে। এই অঞ্চলেও তারা প্রভাববলয় সৃষ্টি করতে চাচ্ছে। গণতন্ত্রের সম্মেলনে দাওয়াত না দেয়া সেই ভূরাজনীতির কাজ করেছে।

তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ মানবাধিকার নিয়ে এত কথা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার কী? সেখানে বর্ণ-লিঙ্গ বৈষম্যও প্রকট। সেখানকার জনগণ লড়াই করছে। তাই যুক্তরাষ্ট্র যখন মানবাধিকারের কথা বলে, বিশ্ব তখন তা বিশ্বাস করে না।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্র কতিপয় উচ্চপদস্থ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। সংবিধানের বিধান সমুন্নত রেখেই র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে। র‌্যাব পুলিশসহ সব বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করতে পারে না। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেরও যদি বাহিনীর কোনো সদস্যই বিধান ও আইনের বাইরে গিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করে তাকে সাজা দেওয়া হয়। নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তার বিচারে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ভূরাজনীতির হিসাব-নিকাশে মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী বাংলাদেশ তার স্বকীয়তা থেকে সরে আসবে না এবং সব ধরনের জোটের বাইরে অবস্থান করেই তার অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে যে শক্তি মানতে পারেনি, সেই শক্তি এই বিজয়ের সুবর্ণজয়ন্তীর লগ্নে আমাদের আঘাত করার চেষ্টা করছে। আজকে বাংলাদেশে যে বাহিনীটি দেশের আইনশৃঙ্খলা ও জঙ্গিবাদী নির্মূলে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তাদের আঘাত করা হয়েছে। এর মাধ্যমে জঙ্গিবাদে উসকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, সেই সময়ে আমেরিকার এই সিদ্ধান্ত দুরভিসন্ধি এবং অনেক প্রশ্নের সৃষ্টি করেছে। একাত্তরে যারা আমাদের বিজয়কে মেনে নিতে পারেনি, সেই শক্তি শেখ হাসিনার উন্নয়নকে মেনে নিতে পারছে না।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীফ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজা আহম্মেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহবায়ক ডা. ওয়াজেদ ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

সূত্র: বাসস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD