রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

তিন দিনের সফরে আজ উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার উত্তরাঞ্চল যাচ্ছেন। তিনি আজ দুপুর ২টায় রাজশাহীতে মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। তাঁর সফর নিয়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। ২১ বছর পর সেখানে যাচ্ছেন তিনি। এর আগে সর্বশেষ তিনি রাজশাহীতে যান ২০০৪ সালে। তখন তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রাজশাহীর জনসভা শেষে নওগাঁয় যাবেন তিনি। সেখান থেকে সড়কপথে বগুড়ায় গিয়ে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সন্ধ্যায় জনসভায় যোগ দেবেন। শুধু দলের নেতাকর্মী নন, তাঁকে একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন বগুড়ার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

গতকাল বুধবার জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনের সব ইউনিয়ন ও পৌরসভা এলাকাসহ বগুড়া-৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করবেন।

রংপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। আগামীকাল শুক্রবার বিকেলে পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করে সাড়ে ৪টায় রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের সফরকে ঘিরে রংপুর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা হয়েছে। রংপুর থেকে এদিন সন্ধ্যায় বগুড়ার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে রাতযাপন করবেন তারেক রহমান। পরদিন শনিবার বিএনপির চেয়ারম্যান সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। দুপুর ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD