রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

‘থিম-সং’ উদ্বোধনের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীর বাংলাদেশকে নিয়ে দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত বিএনপির অফিসিয়াল নির্বাচনী ‘থিম-সং’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘থিম-সং’ উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে রিজভী বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়। এটি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।

এ প্রতীক বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।
তিনি বলেন, নির্বাচন মানেই এক সময় উৎসবের আবহ ছিল। গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় গান-বাজনা, কর্মীদের উপস্থিতিতে মুখর থাকত পরিবেশ। নানা বিধিনিষেধ ও দীর্ঘ রাজনৈতিক দমন-পীড়নের কারণে সেই নির্বাচনী উৎসব অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল।

তবে এবারের উদ্যোগের মাধ্যমে আবার সেই উৎসবমুখর পরিবেশে ফিরে যাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
রিজভীর ভাষায়, ফ্যাসিবাদী শাসনের কারণে মানুষ দীর্ঘদিন নীরব ও স্তব্ধ ছিল। ভোটাধিকার ও অবাধ নির্বাচনের যে আবেগ, সেটি ক্ষীণ হয়ে পড়েছিল। এ থিম সং মানুষের মধ্যে সেই হারানো আবেগ ও উৎসাহ ফিরিয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ধানের শীষ বাংলার ঘরে ঘরে, নদী-নালা, মাঠ-ঘাটের সঙ্গে মিশে আছে। এটি কেবল একটি প্রতীক নয়, বরং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে স্লোগানে অংশ নেন রিজভী। পরে তিনি আনুষ্ঠানিকভাবে থিম সংটির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, এ থিম সং গ্রাম-গঞ্জ, হাট-বাজার, পাড়া-মহল্লায় মানুষের মধ্যে নির্বাচনী আবহ তৈরি করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিকে আরও জোরালো করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউলাহ, জুবায়ের বাবুসহ সংস্কৃতি ব্যক্তিত্বরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD