পশ্চিম তীর ও জর্ডান ভ্যালি দখল করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এ কথা জানিয়েছেন তিনি।
মিডেল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, ফোনালাপে বরিস জনসন নিশ্চিত করেছেন যে, তিনি পশ্চিম তীরে দুই রাষ্ট্রনীতির বাস্তবায়ন চান। তিনি মনে করেন, এই একটি উপায়েই ওই অঞ্চলে শান্তি স্থায়ী করা সম্ভব।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সমর্থনের প্রশংসা করেছেন। ফোনালাপে আব্বাস বলেন, যদি ইসরায়েলি কর্তৃপক্ষ দখল পরিকল্পনা প্রত্যাখ্যান করে তাহলে আমরা অন্যান্য রাষ্ট্রকে নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছি।
এর আগে জুলাই মাসের শুরুতে একই মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইসরায়েলি এক গণমাধ্যমে তিনি বলেন, আমি দৃঢ় আশা করি, এই দখল পরিকল্পনা যেন সামনে না এগোয়। যদি অগ্রসর হয় তাহলে ব্রিটেন তার স্বীকৃতি দিবে না। ১৯৬৭ সালের চুক্তি অনুযায়ী পশ্চিম তীরে সীমানার কোনো পরিবর্তন ব্রিটেন গ্রহণ করবে না।
পরিকল্পনা অনুযায়ী গত ১ জুলাই পশ্চিম তীরের ফিলিস্তিন অধ্যুষিত অঞ্চল ও জর্ডান ভ্যালির ৩০ শতাংশ জায়গা দখল করার পরিকল্পনা ছিল ইসরায়েলের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ক আলোচনা চলমান থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
গত ২ জুলাই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিনিদের সঙ্গে আলোচনা চলমান। তাদের সঙ্গে সেই আলোচনা শেষ হলেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার সমালোচনার কারণে পশ্চিম তীরে এই কার্যক্রমের দিকে আগ্রসর হচ্ছে না ইসরায়েল। সমালোচনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও তারা সবুজ সংকেত পাচ্ছে না।