দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীদের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সন্ত্রাসীদের ছোড়া তিনটি গুলি রিগানের মাথায় ও তিনটি গুলি শরীরের বিভিন্ন স্থানে লেগেছে।
বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
রিগান ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম শ্রীনদ্দি গ্রামের শেখ উলাল মিয়ার বাড়ির তাজুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন তিনি। তার তিন বছর বয়সি এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের ছোটভাই ফাহিম মাহমুদ জানান, জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান রিগান। সেখানে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। সর্বশেষ ২০২১ সালে দেশে আসার পর প্রায় পাঁচ মাস ছুটি কাটিয়ে আবার আফ্রিকা চলে যান। বাংলাদেশ সময় সোমবার রাতে গাড়িযোগে দোকানের জন্য মালামাল নিয়ে দোকানের সামনে আসেন তিনি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তার ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছয়টি গুলি লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
রিগানের চাচা, ফুফাতো ভাইসহ আত্মীয়-স্বজনদের অনেকেই আফ্রিকায় থাকেন। দুই মাস পর দেশে আসা ও ফাহিমকে আফ্রিকা নেওয়ার কথা ছিল রিগানের।
বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারটির খোঁজ খবর নেওয়া হয়েছে। আমরা পরিবারটির সহযোগিতায় তাদের পাশে আছি।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রিগানের স্ত্রী। রিগানের লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।