শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ইসলামকে রক্ষা করতে হবে: খোকন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ইসলাম ও জাতিকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর মাদবদী এসপি ইনস্টিটিউট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একটি দল নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে। বাস্তবে জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ তায়ালা। তাই তাদের ফাঁদে পা দেয়া যাবে না।’

এসময় তিনি আরও বলেন, ‘একটি দল মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে বলছে, আপনারা ধানের শীষ (বিএনপি), নাঙ্গল ও নৌকা (আওয়ামী লীগকে) দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনাদের অপকর্মতো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্ররা এই দেশের মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে জীবন দিতে হয়েছে।’

আরও পড়ুন: যারা মানবতাবিরোধী অপরাধ করেছে আজকে তাদের অস্তিত্ব নেই: খোকন

খোকন বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের কল্যাণ হবে। দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি হবে। তাই দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেয়ার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন।’

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে ও মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট শিরিন সুলতানা প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD