বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে ‘নগ্ন পদযাত্রা’ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ খান।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে ব্যতিক্রমী এই পদযাত্রাটি শুরু করেন তিনি। সেখান থেকে খালি পায়ে হেঁটে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে তার পদযাত্রা শেষ হয়। এসময়, তার সঙ্গে তিন শিক্ষার্থীও যোগ দেন।
এ বিষয়ে সহযোগী অধ্যাপক ফরিদ খান বলেন, ‘দিন দিন আমাদের দেশে নারীদের প্রতি সহিংসতা, নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা বেড়েই চলেছে। এতে, রাস্তাঘাটে চলাফেরায় চরম অনিরাপত্তায় ভুগছেন তারা। এমন সমাজ নিয়ে আমরা লজ্জিত। আমরা ধর্ষণমুক্ত সমাজ ও সর্বোপরি ধর্ষণমুক্ত দেশ চাই।’
তিনি আরও বলেন, ‘আজ অন্য কেউ, কাল হয়তো আমার-আপনার বোন কিংবা মেয়ের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে। একজন ধর্ষণকারী মানুষ না, সে মানুষ সেজে সমাজে চলাফেরা করে। এসব পশুদের রুখে দিয়ে মানবতা রক্ষা করা খুব জরুরি।’