মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ধানের শীষকে সমর্থন দিলেন বিভিন্ন ঘরানার ইসলামী নেতারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেবেন বলে জানিয়েছেন দেশের বিভিন্ন ইসলামী দলের নেতারা। তারা দল-মত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে এবং দেশে ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম।

বিবৃতিতে তিনি বলেন, ‘২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অনলাইন-অফলাইনে জামায়াত-শিবিরের উগ্রতা এবং জাতীয় নেতৃবৃন্দ, দেশের সর্বজনশ্রদ্ধেয় শীর্ষ আলেমদের বিরুদ্ধে মারাত্মক বিষোদগার ও নেগেটিভ মন্তব্য করে আসছে। এছাড়া জামায়াত সাধারণ জনগণের কাছে নিজেদের ইসলামী শক্তি হিসেবে উপস্থাপন করলেও রাষ্ট্রীয় এবং কূটনৈতিক ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করছে।

এ জন্য জামায়াত জোটের প্রার্থীদের ভোট না দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষকে সমর্থন জানান বিভিন্ন ঘরানার আলেমরা। তারা ধানের শীষে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাক ও হাইয়্যার চেয়ারম্যান আল্লামা শায়েখ মাহমুদুল হাসান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ দেশের বিভিন্ন দরবার ও ইসলামী সংগঠনের শীর্ষ নেতারা ধানের শীষকে সমর্থন দিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর ভারতের প্রেসক্রিপশন দেশে বাস্তবায়ন করার দরুন দেশের এই দুরবস্থা তৈরি হয়েছিল। আর জামায়াত মাত্র দেড় বছরে আমেরিকার প্রেসক্রিপশনে ইতিমধ্যে এর চেয়েও বেশি দুরবস্থা তৈরি করে ফেলেছে।

দেশে মারাত্মক অস্থিরতা তারা পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে। দেশের সিনিয়র রাজনৈতিক, অরাজনৈতিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের উগ্র ও আগ্রাসী আচরণে দেশের সাধারণ জনগণ চরম আতঙ্কিত। তাই আগামী দিনের বাংলাদেশকে জামায়াতের খারেজি ফেতনা থেকে বাঁচাতে দেশের বিভিন্ন ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপি ও ধানের শীষকে সমর্থন করেছেন।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আগামী দিনে বাংলাদেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আনতে ও বজায় রাখতে বিএনপি ও ধানের শীষের বিকল্প নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD