মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :

নতুন ক্যাটাগরির ভিসা চালু করল সৌদি আরব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তুরস্কের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগের অংশ হিসেবে সড়কপথে পণ্য পরিবহনকারী তুর্কি ট্রাকচালকদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি চালু করেছে সৌদি আরব। এর ফলে দীর্ঘ সময় পর তুরস্ক থেকে স্থলপথে সৌদি আরবে পণ্য পরিবহন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত চালকরা এখন এমন একটি ভিসার জন্য আবেদন করতে পারবেন, যা আগে চালু ছিল না। ভিসার আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি ও অন্যান্য শর্ত সম্পর্কে পরিবহন খাতের সংশ্লিষ্ট সংগঠনগুলোকে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইরাক ও সিরিয়ার মধ্য দিয়ে ট্রানজিট রুটগুলো আবার চালু হওয়ায় তুর্কি পরিবহন প্রতিষ্ঠানগুলোর জন্য সৌদি বাজারে স্থলপথে প্রবেশের নতুন সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সড়ক পরিবহন চালকদের জন্য এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ল্যান্ড ট্রান্সপোর্ট ভিসা দেওয়া হবে। এই ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ সৌদি রিয়াল, যা প্রায় ৭৯.৮৮ মার্কিন ডলারের সমান। পাশাপাশি একবার প্রবেশের ট্রানজিট পরিবহন ভিসা বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত ইউ-নেট অটোমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, নতুন ভিসা সুবিধা পাওয়ার পর কয়েকটি কোম্পানি সৌদি আরবমুখী কার্যক্রম শুরু করেছে এবং দেশটিতে পণ্য পরিবহনের পরিমাণ বাড়ছে।

তবে ট্রানজিট ভিসায় সৌদি আরবে অবস্থানের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে তুরস্ক। বর্তমানে অনুমোদিত সময় চার দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করার দাবি জানিয়েছে দেশটি। তুর্কি কর্তৃপক্ষের যুক্তি, সৌদি আরবের বড় ভৌগোলিক এলাকা, যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং চালকদের বিশ্রামের নিয়ম মেনে চলার কারণে চার দিন পর্যাপ্ত নয়।

এ ছাড়া ভিসা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD