বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

নরপশুদের জন্য আ.লীগের দরজা বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের জন্য তৃনমূল থেকে ডেডিকেটেড (নিবেদিত) কর্মীদের তুলে আনতে হবে। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণের কর্মীদের এগিয়ে আনতে হবে।

ধর্ষকের মতো নরপশুদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ রাখতে হবে মন্তব্য করে তিনি বলেন, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, ভূমি দখলকারী, নারী অবমাননাকারী এবং নারী ধর্ষণকারী ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

শনিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে (ভার্চ্যুয়াল) সংযুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অপরাধীদের প্রশয় দেয় না। দলীয় পরিচয়েও কেউ রক্ষা পান না। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের অস্তিত্বের শিকড়। জনগণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে আছে।

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্ব সংকটে। যে কারণে বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে আরও বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

সভায় উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD