এক দিনের ব্যবধানে খুচরা বাজারে ডিম ডজনে বেড়েছে পাঁচ টাকা ।দুই দিনে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা এবং মাছ, মাংস, চাল, ডাল, তেল, সবজিসহ সব কিছুরই দাম বাড়তি।
পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা বলেন, তিন দিন আগে কেজি ৩৫ টাকা করে কিনে বিক্রি করেছনে ৪০ টাকায়।বুধবার থেকে কিনতে হচ্ছে ৪৫ টাকায় তাই বিক্রি হচ্ছে ৫০ টাকা। ‘বেশি দামে পণ্য কিনতে হচ্ছে তাই বিক্রিও হচ্ছে বেশি দামে।
এক সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে ১৫ টাকা।প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, করলা ১০০, টমেটো ৫০, শিম ৫০ থেকে ৬০, বাঁধাকপি ৪০, মাঝারি আকারের লাউ ৮০ ও বড় আকারের ১০০, ফুলকপি ছোট ৪০ থেকে ৫০, চালকুমড়া প্রতিটি ৬০, লেবুর হালি ৪০।এ ছাড়া প্রতি কেজি বেগুন ৭০ থেকে ৮০, ক্ষীরা ৬০, মটরশুঁটি ৮০, কাঁচামরিচ ১০০, গাজর ৪০ ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায় ।গত এক সপ্তাহ ধরে মাছের দামও বাড়তি। প্রতি কেজি মাছের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো নিয়ন্ত্রণ না থাকায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। কোনো কিছুই নিম্নবিত্তের নাগালে নেই। মাছ, মাংস, চাল, ডাল, তেল, সবজি, পেঁয়াজ—সব কিছুরই দাম বাড়তি।
প্রতি কেজি ১৫০ টাকার ব্রয়লার মাংস বিক্রি হচ্ছে ১৬০ টাকায় ।সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।লাল ডিমের ডজন পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।ব্যবসায়ীরা বলছেন সামনে ডিমের দাম আরো বাড়বে।
করোনার সংক্রমণ বাড়ায় বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে আগামী ১ মার্চ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হতে ১০ দিন বা দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
দীপু মনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকায় প্রাথমিকের শিক্ষার্থীদের এখনও টিকার আওতায় আনা যায়নি। তবে এরই মধ্যে ১২ এর কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর দেখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে তাদেরও টিকার আওতায় আনা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ রয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু করার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজে সশরীরে পাঠদান শুরু হবে।
দীপু মনি বলেন, সশরীরে পাঠদানের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা ক্লাসের সংখ্যা আগের মতোই কম রাখব। আস্তে আস্তে পরিস্থিতি অনুযায়ী বাড়ানোর চেষ্টা করব।