বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এবার যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (০৮ জুলাই) তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে অশুভ মানুষদের শাসন বলে বর্ণনা এবং বর্তমান প্রশাসনকে উন্মাদ বলে অভিহিত করেছেন। এসময় তিনি ইরান যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা চুক্তি শেষ বলেও মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট।

তিনি বলেন, ইরানিরা দুষ্ট ও অসুস্থ লোক। এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কী করতে হবে, শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।

এ বিষয়ে আরও প্রশ্ন করা হলে ট্রাম্প তার আলোচক দলের বিষয়ে বলেন, তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় তারা সময় নষ্ট করছে।

তিনি যোগ করেন, সত্যি বলতে, আমি তাদের পেছনে আমার সময় নষ্ট করতে চাই না। আমার দৃষ্টিতে এটা শেষ। তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়, তারা মিথ্যাবাদী।

একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন যে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না।

উল্লেখ্য, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন একটি দলকে তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সীমিত করার লক্ষ্যে প্রযুক্তিগত ছাড় আদায়ের জন্য ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল।

তবে, সেই আলোচনাগুলো ধীরগতিতে চলছিল এবং প্রধানত সমঝোতা স্মারকটি বাস্তবায়নের ওপরই কেন্দ্রীভূত ছিল, যেটিতে ট্রাম্প ১৭ জুন ভার্সাই প্রাসাদে স্বাক্ষর করেছিলেন।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ও কাতারের নেতৃত্বে চুক্তির মধ্যস্থতাকারীরা এখন প্রায় নিশ্চিতভাবেই চুক্তিটিকে পুনরায় চালু করার জন্য চেষ্টা করবেন।

সূত্র : বিবিসি ও সিএনএন

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD