শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

পুলিশ-ইজিবাইকচালকদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

ঝিনাইদহে পুলিশ ও ইজিবাইকচালকদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, সড়কে ব্যারিকেট দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হাইওয়ে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

আহতদের মধ্যে হাইওয়ে পুলিশের একজন এএসআইসহ তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের টহল দল স্থানীয় পোড়াহাটি গ্রামের শিমুল নামে এক ইজিবাইকের চালকের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এ সময় তর্কবিতর্ক শুরু হয়।

ধীরে ধীরে লোক জোড় হতে থাকে এবং হাইওয়ে পুলিশের সঙ্গে ইজিবাইকচালক ও স্থানীয় জনতার ধাওয়া-পাল্টাধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে সড়কে ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষিপ্তরা। হাইওয়ে পুলিশ সদস্যদের ইজিবাইক চালকরা ঘিরে ইটপাটকেল মারতে থাকে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।

ঝিনাইদহ সদর থানাপুলিশ হাইওয়ে পুলিশের সহযোগিতায় সেখানে আসে। তারা লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইজিবাইকচালকদের বেশ কয়েকজন আহত হন।

তাদের মধ্যে শিমুল ও তুষার নামের দুজনের অবস্থা গুরুতর বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।

ইজিবাইকচালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ প্রতিদিন চালকদের নাজেহাল করে থাকে। তারা জোরপূর্বক অর্থ আদায় করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিয়মিত টহলের সময় একটি অবৈধ ইজিবাইক আটক করা হয়। এতে করে সড়কের চলাচলকারী ইজিবাইকচালকসহ জনতা জোটবদ্ধ হয়ে ইটপাটকেল নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। জনতার ইটপাটকেলে একজন এএসআইসহ অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন।
আহতদের মধ্যে এএসআই রুহুল গাজী, কনস্টেবল নাসিম ও হান্নানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদাবাজি নয় অবৈধ ইজিবাইক ও থ্রিহুইলার চালকদের কাছ থেকে ২৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয় বলে দাবি করেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

এদিকে সদর থানার ওসি সোহেল রানা খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা থেকে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আহত হাইওয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। সড়ক থেকে ব্যারিকেট তুলে দেওয়া হয়েছে। থানায় রাত ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD