কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে প্রবাসী মোছাঃ জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় মিজানুর রহমান লালন। মঙ্গলবার (২৯ এপ্রিল) কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে জান্নাতুল তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বাদী লালনের দাবি, সম্পর্কের সূত্র ধরে চিকিৎসা, পড়াশোনা ও পারিবারিক সমস্যার নানা অজুহাতে একাধিকবার অর্থ নিয়েছিলেন জান্নাতুল। পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ করে তিনি গোপনে বিয়ে করে বিদেশে পাড়ি জমান। টাকা ফেরতের জন্য বারবার অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেন লালন।
অভিযুক্তের পরিবার অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, লালন রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে জান্নাতুলকে জোরপূর্বক বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তারা অভিযোগ করেন, একসময় ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় লালন বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে জড়িত থেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের বাড়িতে গিয়ে ভয়ভীতি, গালিগালাজ এমনকি শারীরিক আক্রমণও করেছেন।
জান্নাতুলের পরিবার অভিযোগ করে আরও জানায়, “লালন আমাদের পরিবারের শান্তি নষ্ট করেছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এখন মামলা ও গণমাধ্যমের মাধ্যমে আমাদের সম্মানহানি করছে।”
স্থানীয়দের বক্তব্যেও জান্নাতুলের পরিবারের প্রতি সমর্থনের ইঙ্গিত মেলে।
তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে লালনই পরিবারটিকে নানাভাবে হয়রানি করছেন। প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লালনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা নং ৪৫/২০২৫ রুজু হয়েছে। তিনি বলেন, “অভিযুক্ত বর্তমানে বিদেশে রয়েছেন। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশে ফিরলেই তাকে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।”