মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ফেনীতে বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বাবার বাড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে অবস্থিত খালেদা জিয়ার বাবার বাড়িটি আজও বহন করে তিনবারের প্রধানমন্ত্রীর অসংখ্য স্মৃতি। বাড়ির পাশের দিঘির ধারে তাঁর নিজ হাতে লাগানো নিমগাছ, ঘরের ভেতরে বসানো চেয়ার, বিশ্রাম নেওয়ার ছোট খাট ও খাবারের টেবিল-সবকিছুতেই যেন লেগে আছে তাঁর স্পর্শ।

জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে খালেদা জিয়া ফেনীর ফুলগাজীতে বাবার বাড়িতে আসেন। সে সময় তিনি তাঁর দাদা হাজী সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে আজ সেই বাড়িতে নেমে এসেছে গভীর নীরবতা। শোকে কাতর পরিবারের সদস্যরা।
বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, বাড়িতে এলে তিনি বড়দের প্রতি যেমন শ্রদ্ধাশীল ছিলেন, তেমনি ছোটদের প্রতি দেখাতেন অগাধ স্নেহ।

আরেক চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার বলেন, খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোকে মুহ্যমান।

তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্মম জেল-জুলুমের শিকার হয়েও দেশ ছেড়ে যাননি। তিনি ছিলেন এ মাটির সন্তান। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা জাতির পক্ষে অপূরণীয়।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের দিঘির মাছ খুব পছন্দ করতেন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের নির্বাচনের পর তিনি হেলিকপ্টারযোগে ফেনীতে আসেন। দিঘির মাছ সংগ্রহের জন্য আধাঘণ্টা হেলিকপ্টার দাঁড় করিয়ে রেখে পরে ঢাকায় ফিরে যান তিনি। বাড়ির প্রতিটি ধুলিকণায় মিশে আছে তাঁর অসংখ্য স্মৃতি। ভাইদের সঙ্গে শাবাঁধানো ঘাটে বসে গল্প করতেন তিনি।

প্রধানমন্ত্রী হয়েও ছিল তাঁর জীবনযাপন ছিল সাদাসিধে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, তিনি শুধু আমাদের এলাকার গর্ব নন, তিনি ছিলেন পুরো বাংলাদেশের বাতিঘর। তাঁকে হারিয়ে পুরো এলাকাবাসী আজ শোকে স্তব্ধ।

জানা গেছে, নিজ পৈতৃক নিবাসে জনসাধারণের কল্যাণে বেগম খালেদা জিয়া মাদ্রাসা, মসজিদ, স্কুল ও কলেজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। তাঁর মৃত্যুতে ফুলগাজীসহ পুরো ফেনী জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম পুতুল। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি।

খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD