আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসেও আবার বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। নতুন দরে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা।
এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ০৩৫৮ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৭৭০ ডলার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির আদেশে বলা হয়েছে, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেট এ-১-এর প্লাটস রেটের গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনা করে শুনানি শেষে জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আগস্ট মাসে জেট ফুয়েলের দাম এক লাফে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছিল। এর আগে টানা তিন দফায় উড়োজাহাজের এই জ্বালানির দাম কমানো হয়েছিল।
সবশেষ জুলাই মাসে জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তার আগে জুনের জন্য দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। এর আগে ৭ মে প্রতি লিটার দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।