ঢাকাস্থ মিসর দূতাবাসের মাধ্যমে ভ্রমণের পরিকল্পনাকারী বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ নতুন নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল সোমবার (২৫ মে) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস জানিয়েছে, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য দেশটিতে পৌঁছানোর আগেই ট্রানজিট ভিসা গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
ভ্রমণকারীদের যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে বিজ্ঞপ্তিতে মূলত ৪টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে :
১. মিসর হয়ে অন্য কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে ট্রানজিট ভিসা অবশ্যই ভ্রমণের পূর্বেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।
২. ভ্রমণকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। একই সঙ্গে তিনি যে চূড়ান্ত গন্তব্যে যাচ্ছেন, সেই দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট (প্রযোজ্য ক্ষেত্রে) থাকতে হবে।
৩. ভ্রমণপথে মিসর অবশ্যই অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।
৪. মিসরে প্রবেশ সম্পূর্ণভাবে দেশটির নিজস্ব অভিবাসননীতিমালার ওপর নির্ভরশীল। বিশেষ করে ভ্রমণকারী যেন কোনোভাবেই মিসরের প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকেন, তা নিশ্চিত করা হবে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ভোগান্তি এড়াতে সব ভ্রমণকারীকে ফ্লাইট বুকিং ও ভ্রমণের আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
ভিসা আবেদন প্রক্রিয়া এবং এসংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য ভ্রমণকারীদের সরাসরি দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।