বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এবার দুই ধাপ পিছিয়েছে। আগের তালিকায় ৯৩তম থাকলেও সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম।
হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিং অনুযায়ী, নতুন তালিকায় বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই মোট ৩৬টি দেশে ভ্রমণ করতে পারবেন।
যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন তার মধ্যে রয়েছে- বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।
এছাড়াও নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতুতে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলোদেশি পাসপোর্টধারীরা।
এর মধ্যে কয়েকটি দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে, আবার কিছু দেশে প্রবেশের আগে ই-ভিসা গ্রহণ করতে হয়।
অন্যদিকে সূচকে এবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন।
চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্য।