শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বায়তুল মোকাররমে আজ উদ্বোধন হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠান আজ বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।

এর আগে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত উদ্বোধন অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করে আজ শনিবার বিকেল সাড়ে ৫টা নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মাসব্যাপী এ বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ইসলামি জ্ঞান, সাহিত্য, গবেষণা ও ইতিহাসবিষয়ক বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রি করা হবে।

মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক গ্রন্থের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। ফলে বিভিন্ন বয়স ও পাঠকের জন্য প্রয়োজনীয় ইসলামী গ্রন্থ সংগ্রহের সুযোগ থাকছে এ আয়োজনে।

ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ বইমেলা ইসলামী জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বিস্তারের পাশাপাশি মানুষের মধ্যে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা বিকাশে ভূমিকা রাখবে। একই সঙ্গে ইসলামী সাহিত্য ও গবেষণাধর্মী বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।

আজ বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ মাসব্যাপী আয়োজন। উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD