রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এমপি অনুসারীর এক জনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সিপাইপাড়া এলাকায় এ ঘটনা হয়।
নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি উপজেলার সিপাইপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সদস্য।
মৃত এরশাদ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী। অন্যদিকে এরশাদের ওপর হামলাকারীরা জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী। উজ্জ্বল আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
নিহত এরশাদের পরিবারের বরাত দিয়ে চারঘাট থানা পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর এলাকার সিপাইপাড়া জামে মসজিদে বসে স্থানীয়ভাবে ইসলামী জালসা করার উদ্দেশ্যে আলোচনায় বসেন মুসল্লিরা। এ সময় এক পক্ষ ওই জালসায় জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চায়।
অন্যদিকে নিহত এরশাদসহ আরেক পক্ষ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা স্থগিত হয়ে পড়ে।
ঘটনার পর রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবীর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় এরশাদের বাড়ির কাছে আগে থেকেই ওত পেতে থাকা আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন তার পথরোধ করে এবং লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে সরে পড়ে। গুরুতর আহত অবস্থায় এরশাদ আলীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মরদেহ তার বাড়িতে আছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, হত্যার খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।