বিয়ে হয়েছে মাত্র দুই দিন আগে। তাই নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে বাজারে গিয়েছিলেন ব্যবসায়ী জসিম কাজী (৩০)। কিন্তু সেখান থেকে বাড়ি ফেরা হলো না তার। মাটি টানা ট্রলি ধাক্কায় প্রাণ হারালেন তিনি। ফলে আকালে ঝড়ে গেলে নতুন জীবেনের একটি স্বপ্ন।
শুক্রবার (২৫ মার্চ) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় মোটরসাইকেল ও মাটি টানা ট্রলির সংঘর্ষে জসিম কাজী নিহত হন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জসিম কাজী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মৃত ওদুদ কাজীর ছেলে।
আজগর আলী জানান, কেনাকাটা শেষে এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেল করে গোপালগঞ্জ শহর থেকে বাড়ি যাচ্ছিলেন জসিম কাজী। মোটরসাইকেলটি চন্দ্রদিঘলীয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা ট্রলির সঙ্গে সেটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে জসিম কাজী নিহত হন। এ সময় মোটরসাইকেলটির অপর আরোহী গুরুতর আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ঘাতক চালক ট্রলিটি নিয়ে পালিয়ে গেছে।