মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

বেনাপোল প্রতিনিধি : প্রায় দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দুই ট্রাকে সাড়ে ৪২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। উৎপাদন সংকট দেখিয়ে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করেছিল ভারত সরকার।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৮টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পেঁয়াজবাহী ট্রাক দুটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

পেঁয়াজের বাংলাদেশি আমদানিকারক যশোরের দীন ইসলাম ট্রেডার্স। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পণ্য ছাড় করাতে আমদানিকারককে সহযোগিতা করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট সেঁজুতি এন্টারপ্রাইজ।

আমদানিকারক দীন ইসলাম জানান, প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য ১৪০ মার্কিন ডলার। পণ্য ছাড় করাতে সরকারকে আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হচ্ছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারত সরকার পেঁয়াজ আমদানির অনুমতিতে প্রথম দিকে দেশের অন্যান্য বন্দর দিয়ে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ করলেও এতদিন বেনাপোল বন্দর দিয়ে কোন ট্রাক ঢুকেনি। এতে বাজারে যে পরিমাণে পেঁয়াজের মূল্য কমার কথা ছিল তা কমেনি। বর্তমানে এপথে পেঁয়াজ আমদানি হওয়ায় আশা করছেন বাজার পূর্বের চেয়ে কমবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আমদানিকৃত পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD