ভারতে দীর্ঘমেয়াদি ভিসায় থাকা বিদেশিদের জন্য ভিসানীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিনের ভিসা নিয়ে ভারতে থাকা কোনো বিদেশি নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে।
এর আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল। তবে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নিয়ম বাতিল করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর একটি ধারা সংশোধন করে এই পরিবর্তন আনে। নতুন নিয়ম অনুযায়ী, যেসব ভিসাধারীর মোট ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা থাকার সীমা ১৮০ দিন নির্ধারিত, তারা ওই সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে বাধ্য থাকবেন।
ভারত সরকার বলছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশে অবস্থানরত বিদেশিদের বিষয়ে নজরদারি ও অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
এছাড়া নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকার অনুমতি কেবল বিশেষ জরুরি পরিস্থিতিতে বিবেচনা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন প্রজ্ঞাপনে বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হলে এবং সন্তানকে ভারতীয় নাগরিক হিসেবে রাখতে চাইলে জন্মের পর সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যতে ওই সন্তান অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে ৩০ দিনের মধ্যে তা জানাতে হবে।
এ ছাড়া হাসপাতাল, নার্সিং হোম ও দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য সরবরাহ ও রিপোর্টিং ব্যবস্থাও নতুন নিয়মের আওতায় হালনাগাদ করা হয়েছে।