অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ৫ থেকে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। একই সঙ্গে ডিম, মসুর ডাল, মোটা ও মাঝারি চালের দামও বাড়তির দিকে। বিপরীতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম। এছাড়া সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজার, খিলক্ষেত বাজার, আজিমপুর কাঁচাবাজার ও হজ্জ ক্যাম্পের মুক্তিযোদ্ধা কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকা। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। ফার্মের ডাম হালিতে ২ টাকা কমে ৩৩ থেকে ৩৫ টাকা হালি বিক্রি হচ্ছে।
কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬৫ টাকা, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা। অপরিবর্তিত থেকে দেশি রসুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা, দারুচিনি ৩৮০ থেকে ৪৮০ লবঙ্গ ১০৫০ থেকে ১২৫০ টাকা। তবে কেজিতে প্রায় ১০০ টাকা কমে এলাচ বিক্রি হচ্ছে ২১০০ থেকে ৩১০০ টাকা পযর্ন্ত।
বাজারে দাম বেড়েছে মোটা ও মাঝারি চালের দাম তবে অপরিবর্তিত রয়েছে চিকন চালের দাম। বাজারে প্রতি কেজি চিকন চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৮ টাকা, দুই থেকে তিন টাকা বেড়ে মাঝারি চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। অপরির্তিত থেকে খোলা আটা বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৮ টাকা, প্যাকেটজাত বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা এবং প্যাকেটজাত বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি।
বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, ফুল কপি (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, বাঁধাকপি (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, শালগম ৩০-৪০ টাকা, লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাকা, পালন শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা।
চাল কুমড়া প্রতি পিস ৩৫ থেকে ৪০ টাকা, লাউ আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৪৫ টাকায়। শশা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বেশিরভাগ মাছের দাম অপরিবর্তিত রয়েছে বলা যায়। টাকি মাছ কেজিপ্রতি ২৫০-৩৫০ টাকা। তেলাপিয়া ও পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা। শিং বিক্রি হচ্ছে শোল মাছের কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি, রুই ২৫০ থেকে ৩৫০ টাকা এবং এক-দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকায়।
কেজিতে ২ টাকা কমে বাজারে (মানভেদে) আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ৩০ টাকা। মোটা মসুর ডাল ৮৮ থেকে ৯০ এবং ছোট মসুর ডাল ১০৫ থেকে ১১৫ টাকা কেজি। এছাড়া মুগ ডাল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, এ্যাংকর ৪৫ থেকে ৫০ টাকা, মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে।
বাজারে লিটারে ২ থেকে ৩ টাকা বেড়েছে তেলের দাম। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা, বোতলজাত বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। খোলা পাম অয়েল ১২৮ থেকে ১৩০, এবং ভালো পাম অয়েল (সুপার) বিক্রি হচ্ছে ১৩৪ থেকে ১৩৮ টাকা লিটার।