মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের রাউজান-এ যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মুজিবুর রহমান (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনজু পিতার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর অনুসারী বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অলিমিয়াহাট বাজারের মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের আগে মুজিবুর রহমান অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তবে হামলাকারীরা কারা এবং কীভাবে ঘটনাস্থলে আসে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, “ইফতারের আগে বাসা থেকে বের হয়েছিল। পরে শুনতে পাই, দুর্বৃত্তরা তাকে তিনটি গুলি করেছে। হাসপাতালে এসে জানতে পারি, তিনি আর বেঁচে নেই।”

নিহতের বড় ভাই আব্দুল আজিজ জানান, ইফতারের আগে একটি চায়ের দোকানে কিছু যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছিল বলে তারা জানতে পেরেছেন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে তিনটি গুলি লেগেছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নিহত মুজিবুর রহমান দুই সন্তানের জনক। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন এবং ছোট ছেলে প্রবাসে রয়েছেন। পেশাগতভাবে তেমন কিছু না করলেও তিনি বিয়ের ঘটকালির কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD