ইউরোপের দেশগুলোতে মার্কিন সেনা উপস্থিতি কমিয়ে আনার আলোচনার মধ্যেই রাশিয়ার সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নওরোৎস্কির সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র।’
পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোৎস্কিকে নিজের একজন ‘জাতীয়তাবাদী মিত্র’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, গত বছরের নির্বাচনে নওরোৎস্কির প্রতি সমর্থন দিতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। তবে এই সেনা মোতায়েন প্রক্রিয়ার সময়সীমা বা বিস্তারিত অন্যান্য পরিকল্পনা নিয়ে ট্রাম্পের ওই পোস্টে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে কিছুটা বিস্ময় দেখা দিয়েছে। কারণ, মাত্র এক সপ্তাহ আগেই মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছিলেন, পোল্যান্ডে ৪ হাজার সৈন্য পাঠানোর একটি পূর্বপরিকল্পনা বাতিল করা হয়েছে। মূলত ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নীতিতে ইউরোপীয় দেশগুলোর আশানুরূপ সমর্থন না পাওয়া এবং ন্যাটোভুক্ত মিত্রদের ওপর মার্কিন প্রশাসনের অসন্তোষের কারণে ইউরোপে সেনা কমানোর ইঙ্গিত দেওয়া হচ্ছিল।
তবে গত মঙ্গলবার (১৯ মে) যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন যে, পোল্যান্ডে সেনা মোতায়েনের সিদ্ধান্তটি একেবারে বাতিল হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রয়েছে। তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পোল্যান্ডে সেনা পাঠানোর পক্ষেই সবুজ সংকেত দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে চলতি মে মাসের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। ইরান ইস্যুতে আলোচনার টেবিলে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ওয়াশিংটনের তীব্র সমালোচনা করার পরই জার্মানি থেকে সেনা সরানোর ওই সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। সেই প্রেক্ষাপটে পোল্যান্ডে নতুন করে এই ৫ হাজার মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে ইউরোপীয় অঞ্চলের রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: গালফ নিউজ