আজ সারাদেশে সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার রাত দশটার দিকে রেলওয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রেল কর্মকর্তা জানান, অনিবার্য কারণবশত রোববার সব ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। সোমবার চলবে কিনা সে সিদ্ধান্ত পরে জানানো হবে।
এর আগে সরকারি চাকরিতে কোটা ইস্যুকে ঘিরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়। তবে আন্তঃনগর ট্রেন চালাচল বন্ধ ছিল।
কোটা সংস্কার আন্দোলন ও চলমান সহিংসতার মধ্যে দীর্ঘ ১৩ দিন বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে গত মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়।
গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে করে ঢাকাগামী ও ঢাকা থেকে সকল ট্রেন আটকা পড়ে। এ সময় চট্টগ্রাম অভিমুখী ৮০২ চট্টলা এক্সপ্রেস আটকা পড়ে। ফলে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১৯ জুলাই জননিরাপত্তার স্বার্থে সারা দেশে রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে আবারও রোববার স্বল্প দূরত্বের ট্রেনও চলাচল বন্ধ করা হলো।