লন্ডনে ইংরেজির পাশাপাশি এবার বাংলায় লেখা হলো রেলস্টেশনের নাম। নতুন করে সংস্কারের পর বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় অবস্থিত হোয়াইটচ্যাপেল স্টেশনটিতে বাংলায় সাইনবোর্ড লাগানো হয়েছে। এর মধ্য দিয়ে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা হয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় অবস্থিত হোয়াইটচ্যাপেল স্টেশনে। এখন থেকে ইংরেজির পাশাপাশি বাংলায় স্টেশনটির নামফলক দেখতে পাবেন রেল ভ্রমণকারীরা।
ট্রান্সপোর্ট ফর লন্ডনের উদ্যোগে ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অর্থায়নে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হোয়াইটচ্যাপেল রেলস্টেশনে বাংলা সাইনবোর্ড লাগান স্থানীয় মেয়র জন বিগস। এ সময় গণমাধ্যমকর্মীসহ উপস্থিত ছিলেন কাউন্সিলের স্পিকার।
আরও পড়ুন : আগামীকাল দেশে আসছে হাদিসুরের মরদেহ
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস বলেন, এখানে ব্রিটিশ বাঙালিরা থাকেন। এটা করতে (বাংলায় স্টেশনটির নামফলক বসাতে) বেশি টাকা খরচ হয়নি। এ ছাড়া হোয়াইটচ্যাপেল স্টেশনটির এই অংশের সংস্কারকাজের জন্য আলাদা সরকারি বরাদ্দ ছিল।
এ সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব চৌধুরী বলেন, হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় করা, এটি আমাদের মাতৃভাষা বাংলার প্রতি অনেক বড় সম্মান। এ ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রচারণার জন্য আরও কাজ চলছে।
আরও পড়ুন : তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন বাইডেন
স্টেশন এলাকা ঘিরে বাংলাদেশি প্রবাসীদের বসবাস সবচেয়ে বেশি। এমন উদ্যোগে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন অনেকে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্টেশন এলাকার প্রবাসী বাংলাদেশিরা বলেন, সবাই মিলে একসঙ্গে ক্যাম্পেইন করার কারণেই হোয়াইটচ্যাপেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা সাইনবোর্ড লাগানো সম্ভব হয়েছে।
হোয়াইটচ্যাপেল স্টেশনটির নামফলক বাংলায় করার প্রস্তাবনা নিয়ে ব্রিটিশ বাংলাদেশি আবদুল কাইয়ুম চৌধুরীর এক চিঠির জবাবে গত ১৭ ফেব্রুয়ারি ট্রান্সপোর্ট ফর লন্ডনের মুখপাত্র জেরি হোয়াইট স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন : পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিল সানি লিওন!